আশীর্বাদ
পৃথিবীতে মানুষকে আশীর্বাদ ক'রে-ই হ'তে হয় বড়ো
যে মেয়েমানুষ তোর ভালোবাসাকে প্রত্যাখ্যান ক'রেছে
তারে তুই আশীর্বাদ কর
যেন পোড়ামুখী তোর কোনোদিনো বিয়েসাদি না হয়
স্বামী সন্তানসন্ততিও যেন না হয় তোর
পৃথিবীতে মানুষকে আশীর্বাদ ক'রে-ই বড়ো হ'তে হয়
যে পুলিশ তোর জীবনের দুর্দিনে চরম টাকা চেয়েছে
তারে তুই আশীর্বাদ কর
যেন শালা পথেঘাটে অ্যাক্সিডেন্ট ক'রে মরে
বেঘোরে যেন প্রাণ যায় শালার
পৃথিবীতে মানুষকে আশীর্বাদ ক'রে-ই হ'তে হয় বড়ো
যে অজ্ঞাত-শত্রু তোর কৃষিফসল নষ্ট-বিনষ্ট ক'রেছে
তারে তুই আশীর্বাদ কর
যেন হারামির ছেলেমেয়ে মুখে রক্ত উঠে মরে
বংশে বাতি দিতে কেউ বেঁচেবর্তে না থাকে।।

No comments:
Post a Comment