২০২০-২১
এই মুহূর্তে দাঁড়িয়ে সাংঘাতিক বিপর্যস্ত আর
প্রচণ্ড দুর্বল হ'য়ে গ্যাছি
এই মুহূর্তে পৃথিবীতে বিস্তৃত করোনা ভয়ঙ্কর মহামারী
মানুষের শরীরের ম'নের আত্মার প্রবল অসুস্থতা
যে কোনো রোগের-ই চিকিৎসাবিহীন চারিদিকে
সম্পূর্ণ অসুস্থ জীবন
এই মুহূর্তে পৃথিবীর যে কোনো রাষ্ট্রে রাজ্যে শহরে গ্রামে
পরিবারে বেঁচে থাকা অসম্ভব সমষ্টিগত ভাবে
অথচ একাকী সম্ভব বোধহয়
মানুষের আনাগোনার বিচিত্রায়ণ আর পরস্পরের
আলিঙ্গনের থেকেও দেহের অপসারণ এবং
৩ মিটার কিংবা ৪ মিটার দূরত্ব বজায় রাখা ভীষণ-ই জরুরী
হাসপাতাল বন্ধ
রোগির বেড খালি নেই কোত্থাও
বাড়ির সঙ্কীর্ণ পথেঘাটে শুকনো কাঁচা বাঁশবাঁধা
পাকারাস্তায় প্রশাসনিক সাইনবোর্ড টাঙানো
তাতে লেখা লকডাউন
একগ্রামের মানুষ আরেকগ্রামে যেতে পারে না
একশহরের মানুষ আরেকশহরে ঢুকতে পারে না
প্রতিবেশীর জলের কলে লোহার শিকল দিয়ে তালা দেওয়া
ঘর বন্ধ বাহির বন্ধ
বন্ধ দৈনিক বন্ধু বান্ধবের সাক্ষাৎ আর মেলামেশার ক্ষণ
এই মুহূর্তে পৃথিবীর পোতাশ্রয়গুলো খালি
বিমানবন্দর নৌঘাটি সমুদ্রসৈকত জনহীন নিরিবিলি শূন্য
একজাতের রোগের মধ্যে বংশোদ্ভূত ভাবে হাজারো বিকার
সংসার সংক্ষিপ্ত হবে যেন ঘোরসংসারীকে হত্যা ক'রে এখন
মানুষের মুখে ফেস-মাস্ক বেঁধে বেঁধে ঘা হ'য়ে যায়
দু'কানের লতির পাশ দিয়ে কালসিটে নেমে আসার
অপার্থিব অন্ধকার মুখের মাঝ বরাবর কালো
স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় একাধিকবার অনির্দিষ্ট
কালের জন্য গভর্নমেন্টের নির্দেশে ছুটি
অথচ স্কুলমাস্টার কলেজমাস্টার বেতন পেয়ে যায়
ডাক্তারেরা নার্সেরা পায়না ছুটি
পৃথিবীর গবেষণাগার ভ্যাক্সিন আবিষ্কারে তীব্র শশব্যস্ত
রাতদিন সঠিক খাওয়া-দাওয়া নেই কারুর
ঘুম নেই পৃথিবীর বিজ্ঞানের
পৃথিবীর বিজ্ঞানীর নেই ঘুম
অসম্ভব গেরো আর রক্তচাপ নিয়ে প্রতিটি মানুষ-ই
ভোগে মারাত্মক দুশ্চিন্তায় আর নিঃসীম নিঃসঙ্গতায়
রাশিয়াতে আমেরিকাতে করোনার প্রতিষেধক আবিষ্কার
হবে জেনে ভারতবর্ষে খুশীতে লাফিয়ে ওঠে মন মনন
গৃহপালিত জীবন ঘরেও সুখশান্তি না পেয়ে দাপিয়ে মরে
ঠাটিয়ে মরে পৃথিবীর ফ্ল্যাটে ফ্ল্যাটে সুখাভ্যস্ত শৌখিন জীবন
আমিও অসম্ভব হার্টের-ব্যামো নিয়ে বেঁচেবর্তে আছি কোনোরকম।।

GOOD jobe
ReplyDeleteVai tomar mobile namber ta faya jaba
ReplyDeleteএটা আমার হোয়্যাটসঅ্যাপ এবং ফোন নম্বর : 8509665085
Delete